বিগ ব্যাশে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত স্নায়ুর দৃঢ়তা দেখিয়ে রিশাদদের হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন রেনেগেডসকে ৪ উইকেটে হারিয়েছে তারা। ১৬৩ রানের লক্ষ্য তারা টপকেছে এক ওভার হাতে রেখেই।
প্রথমে ব্যাট করতে নেমে রেনেগেডস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে গতি এনে দেন জশ ব্রাউন (১৩ বলে ২৬) ও টিম সেইফার্ট (১৪ বলে ২৬)। এরপর মাঝের ওভারে দায়িত্বশীল ব্যাটিং করেন অলিভার পিক। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন হারিকেন্সের বোলাররা। যার ফলে বড় জুটি গড়তে পারেনি রেনেগেডস।
এই ম্যাচে দারুণ প্রভাব রাখেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। চার ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ রিজওয়ান ও জেক ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে রানের গতি কমিয়ে দেন রিশাদ। তাছাড়া নাথান এলিস ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লক্ষ্য তাড়া করে ছেড়েছে হারিকেন্স। ওপেনার টিম ওয়ার্ড করেন ২৬ বলে ৩০ রান। বাউ ওয়েবস্টার যোগ করেন ২০ বলে ২৭ রান।
মাঝের ওভারে কিছুটা চাপে পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মূল ভূমিকা ছিল ম্যাথু ওয়েডের। মাত্র ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৩ রানের ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
অ্যাডাম জাম্পা ২৫ রানে ৩ উইকেট নিয়ে রেনেগেডসকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত ওয়েডের ঝড়ো ব্যাটিং ও রেহান আহমেদের ১৪ বলে ২৩ রানের ইনিংসে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য স্পর্শ করে হারিকেন্স।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষের কাছাকাছি নিজেদের অবস্থান আরও শক্ত করেছে হোবার্ট হারিকেন্স। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে মেলবোর্ন।