বিপিএলে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম রয়্যালস।
প্রথমে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৮ রান। যা চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে সিলেট ১৯.৪ ওভারে ১৮৪ রানে অলআউট হয়েছে। ইনিংসের শুরুতে অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসানের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে মেহেদী হাসানের ক্যামিও ইনিংসে ভর করে বড় লক্ষ্য দাঁড় করায় চট্টগ্রাম।
পাওয়ারপ্লেতে ৬০ রান তোলার পর রসিংটন ও মাহমুদুল হাসান ৩৮ বলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি। যা ভিত গড়ে ইনিংসের। টানা তিন ম্যাচে ফিফটির পর এবার ৩৮ বলে ৪৯ রান করেন রসিংটন। অন্যদিকে মাহমুদুল ২১ বলে ৪৪ রান করেন। তাতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা।
মাহমুদুল আউট হওয়ার পর রসিংটন হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে রান তোলার গতি ধরে রাখেন। পরে আসিফ আলী যোগ দিলে ব্যাটিং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
শেষদিকে মেহেদী হাসান মাত্র ১৩ বলে অপরাজিত ৩৩ রান করেন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।
সিলেটের পক্ষে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন রুইয়েল মিয়া। ৪১ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল সিলেট। বেশ কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও তা বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হন। পারভেজ হোসেন দ্রুত আউট হলেও পাওয়ারপ্লেতে ৫০ রান তোলে দলটি। এরপর আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।
আফিফ হোসেন ৩৩ বলে ৪৬ রান করে সর্বোচ্চ স্কোরার হলেও মিডল অর্ডার থেকে তেমন সহায়তা পাননি। শেষদিকে রানরেটের চাপ বাড়তে থাকলে ভেঙে পড়ে সিলেটের ইনিংস।
চট্টগ্রামের হয়ে পাকিস্তানি পেসার আমের জামাল ৩৪ রানে নেন চার উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ৩৯ রানে নেন দুটি।
/এফআইআর/