শীর্ষে থেকেই প্লে-অফে যাচ্ছে রাজশাহী

বিপিএলে শনিবার রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।

মিরপুর স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের হয়ে ইনিংসের সূচনা করেছিলেন মোহাম্মদ হারিস ও নাইম শেখ। ইনফর্ম নাইম কোনও রান না করে সাজঘরে ফেরেন। হারিস থামেন ১৬ রানে। তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। আসিফ আলীর ২৪ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ১৯.৫ ওভার ১২৫ রানে গুটিয়ে যায় তারা।

রাজশাহীর হয়ে তানজিম হাসান সাকিব ৪ ওভারে একটি মেডেনসহ ১৭ রান খরচায় নেন ৪টি উইকেট। এছাড়া জাহাঁদাদ খান ও রায়ান বার্ল নেন দুটি করে উইকেট।

১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। সাহেবজাদা ফারহান ৭ রান ও তানজিদ হাসান ৮ রানে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। শরিফুল ইসলামের বলে মাত্র ৩ রান করে ফেরেন তিনি।

এরপর উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও আকবর আলী ইনিংস সামাল দিয়ে জয়ের ভিত গড়েছেন। পঞ্চম উইকেট জুটিতে ৮৪ রান যোগ করেন তারা। মুশফিক ৪৬ রানে অপরাজিত থাকেন। আকবর ৪১ বলে খেলেন ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাতে ছি ১টি চার ও ৪টি ছক্কা।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারানো রাজশাহী ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হন আকবর আলী।চট্টগ্রামের হয়ে ১৩ রানে ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম। ৪০ রানে দুটি নেন মেহেদী হাসান।