ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি 

স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রথম টেস্ট সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান যে ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন, সেটি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এক নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে! নিলামে ক্যাপটি কিনেছেন এক অজ্ঞাতনামা ক্রেতা।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে নিজের শেষ হোম সিরিজে এই ক্যাপটি পরেছিলেন ব্র্যাডম্যান। পরে তিনি এটি ভারতের ওপেনিং বোলার রাঙ্গা সোহনিকে উপহার দেন। সোহনির পরিবার দীর্ঘদিন ধরে ক্যাপটি নিজেদের কাছে সংরক্ষিত করে রেখেছিল। যা কখনো জনসমক্ষে প্রদর্শনও করা হয়নি।

কুইন্সল্যান্ডে লয়েডস অকশনসের আয়োজনে সোমবার ক্যাপটি বিক্রি হয়। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস বলেছেন, ‘এটি তিন প্রজন্ম ধরে তালাবদ্ধ অবস্থায় ৭৫ বছর ধরে লুকিয়ে রাখা ছিল। পরিবারের সদস্য হলেও ১৬ বছর বয়স হওয়ার আগে এটি দেখার অনুমতি ছিল না, তাও মাত্র পাঁচ মিনিটের জন্য।’

যদিও ৪-০ ব্যবধানে হারা ভারতের সেই সিরিজে সোহনি খেলেছিলেন মাত্র প্রথম টেস্ট। সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হারের শিকার হওয়া ভারতীয় দলে তিনি কোনও উইকেট পাননি। তবে ম্যাচের প্রথম বলটি তিনিই করেছিলেন, যা ছিল উপনিবেশ-উত্তর ভারতের টেস্ট ইতিহাসের প্রথম বল।

জানা গেছে, ব্র্যাডম্যানের ব্যবহৃত এমন ব্যাগি গ্রিন ক্যাপ মোট ১১টি এখনও রয়েছে। সে সময় খেলোয়াড়রা প্রতিটি সিরিজে আলাদা ক্যাপ ব্যবহার করতেন।

এর আগে ১৯২৮ সালে ব্র্যাডম্যানের অভিষেক সিরিজের ব্যাগি গ্রিন ২০২০ সালে ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছিল। ব্যাগি গ্রিনের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ডটি শেন ওয়ার্নের। ২০২০ সালে অস্ট্রেলিয়ান রেড ক্রসের দাবানলের তহবিলের জন্য তার ক্যাপ বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।