৮ ম্যাচ পর ক্যারিবীয়দের হারালো প্রোটিয়ারা! 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাতে বিশ্বকাপের বাইরে এই ফরম্যাটে ক্যারিবীয়দের কাছে টানা আট ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে প্রোটিয়া দল। 

ব্যাটিংয়ে মূল আকর্ষণ ছিলেন এইডেন মারক্রাম। সদ্য এসএ-টোয়েন্টিতে সেঞ্চুরি করা এই ব্যাটার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। তাতে ছিল ৯টি চার ও ৩টি ছয়। 

গত দেড় বছর ধরে এই ফরম্যাটে ধারাবাহিকতা না থাকলেও এদিন একেবারেই ভিন্ন রূপে ধরা দেন মারক্রাম। মাত্র আটটি ডট বল খেলেছেন তিনি। 

১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় মারক্রাম প্রথমে লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের সঙ্গে ৮৩ এবং পরে রায়ান রিকেলটনের সঙ্গে ৯৩* রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই দুই জুটিতেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। ১ উইকেট হারিয়েই প্রোটিয়াদের জয় নিশ্চিত হয়েছে। হাতে তখনও ছিল ১৩টি বল।

অন্যদিকে টস হেরে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে তেমন ধারাবাহিকতা দেখা যায়নি। শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল মিলে ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়লেও এর বাইরে ৪০ ছোঁয়া কোনও জুটি গড়তে পারেনি ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের ভিত গড়া সম্ভব হয়নি। হেটমায়ার ৩২ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছয়। ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন পাওয়েল। ওপেনার ব্র্যান্ডন কিং ২৭ আর অধিনায়ক রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২২ রান। সব মিলে ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

বল হাতে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিন জুটি জর্জ লিন্ডে ও কেশব মহারাজ মিলে পাঁচটি উইকেট শিকার করেন। লিন্ডে নেন ৩টি, মহারাজ নেন ২টি উইকেট।