বাছাইয়ে ভালো খেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি, নাহিদা

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছিল বাংলাদেশ। যার প্রভাব পড়েছে ব্যক্তিগত টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। 

নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে টানা সাত ম্যাচ জিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানার দল। র‌্যাঙ্কিংয়ে যার স্বীকৃতি পেয়েছেন হার্ডহিটার সোবহানা মোস্তারি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ওপেনার দিলারা আক্তার। 

বাছাইপর্বে ১৫৪ রান করায় টি–টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারি ১৬ ধাপ এগিয়ে ৩৬তম এবং দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে ৬৫তম স্থানে রয়েছেন। 

বোলারদের র‍্যাঙ্কিংয়েও ছিল বাংলাদেশের সাফল্যের ছাপ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বাছাইপর্বে আট উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় স্বর্ণা এগিয়েছেন ১৭ ধাপ। বর্তমানে ২৭তম স্থানে আছেন।