পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের অধিনায়ক, ‘ফ্লাইট বুক করা আছে, আমরা কলম্বো যাচ্ছি’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সালমান আলীরা না খেলার সিদ্ধান্ত নিলেও নির্ধারিত ম্যাচের জন্য কলম্বো ঠিকই ভ্রমণ করবে ভারতীয় দল। এমন তথ্য জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। যার প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি সালমানদের বয়কটের নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার টুর্নামেন্ট পূর্ব অধিনায়কদের সংবাদ সম্মেলনে সূর্যকুমার এই বিষয়ে কথা বলেছেন। তার মতে, ‘ওদের সিদ্ধান্তটা আসলে আমার নিয়ন্ত্রণে নেই। যদি ওদের সিদ্ধান্তটা নিতে পারতাম...কিন্তু সেটা ওদেরই সিদ্ধান্ত। আমরা এশিয়া কাপেও ওদের বিপক্ষে খেলেছি, সেখানে তিনবার মুখোমুখি হয়েছি।’

শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ভারত। ভারত অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা কখনও পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে না বলিনি। ওরাই বলেছে। আইসিসি সূচি দিয়েছে। ফ্লাইট বুক করা আছে, আমরা কলম্বো যাচ্ছি।’

দলীয় সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, ‘দলের আলোচনা অনুযায়ী আমরা ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবো, এরপর কলম্বো যাবো।’

সূর্যকুমার আরও যোগ করে বলেছেন, ‘ওদের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের জানানো হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি। সুযোগ পেলে আমরা খেলবো। বলতে হবে পাকিস্তানি খেলোয়াড়দের জন্যও এটি কঠিন সিদ্ধান্ত।’