সোহানের ঝড়ো ফিফটিতে দুর্বারের জয়

নুরুল হাসান সোহানের ঝড়ো ইনিংসে জয় পেয়েছে দুর্বার একাদশ। আজ অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশকে ২ উইকেটে হারিয়েছে দুর্বার একাদশ। কাল দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশের ম্যাচে নির্ধারিত হবে ফাইনাল-ভাগ্য।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ের নেমে ধূমকেতু একাদশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে আবারও ব্যর্থ হন তানজিদ হাসান তামিম।  হাসান মাহমুদের বাইরের বল খেলতে গিয়ে সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে বিদায় নেন তিনি।

তবে আরেক ওপেনার সাইফ হাসান পঞ্চম ওভারে প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে ২৮ রান করেন। মোহাম্মদ সাইফ উদ্দিনের শিকার হওয়ার আগে মেরেছেন দুটি করে চার ও ছক্কা। আগের ম্যাচে করেছিলেন ফিফটি। দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ধূমকেতু একাদশ। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ও বেশি সময় ব্যাট হাতে ক্রিজে থাকতে পারেননি। অধিনায়ক লিটন দাস আগের ম্যাচের মতো হাফ সেঞ্চুরির দিকে এগোলেও ৩৭ বলে ৪৩ রানে তানভীর ইসলামের শিকার হন তিনি।

শেষ দিকে শেখ মেহেদী হাসানের ২৭ বলে অপরাজিত ৩১ ও শামীম হোসেনের ৮ বলে ১৭ রানের সৌজন্যে ৮ উইকেটে ১৫৬ রানের পুজি করে ধূমকেতু একাদশ। ৩৫ রান করে দিয়ে হাসান ও তানভীর দুজনই পান দুটি করে উইকেট।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মেহেদী হাসানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে শুরুতে ৪৬ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে দুর্বার একাদশ। এরপর ৮১ রানে নেই আরও দুই উইকেট। সেখান থেকে সোহানের বুক চিতিয়ে লড়াই। ৪৪ বলে খেলেছেন ৭৬ রানের অনবদ্য এক ইনিংস। ঝুলিতে  ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। তাতেই ম্যাচসেরা তিনি।

শেষ দুই ওভারে জয়ের জন্য দুর্বার একাদশের প্রয়োজন হয় ৩১ রান। ১৯তম ওভারে শরীফুলকে ৪টি ছক্কা মেরে সেই জয় সহজ বানিয়ে ফেলেন সোহান। শেষ ওভারে তিন বল থাকতেই হাসান মাহমুদ চার মেরে দুর্বারকে জয়ের নোঙরে পৌঁছে দেন।