ফাইনালে দুর্বার একাদশ

সমীকরণটা ছিল এমন- ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হবে। প্রতিপক্ষকে দিতে হবে উড়িয়ে। কিন্তু কোনওটিই করতে পারেনি আকবর আলীর দুরন্ত একাদশ। বরং তাদের উড়িয়ে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে দুর্বার একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় অদম্য কাপে ৭ উইকেটে জিতেছে তারা। 

দুই ম্যাচে দুই জয়ে দুর্বার খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। সোমবার তাদের প্রতিপক্ষ উদ্বোধনী ম্যাচে দুরন্তকে হারানো ধূমকেতু একাদশ। তারা জিতেছে এক ম্যাচ। আর কোনও ম্যাচ না জিতেই টুর্নামেন্ট শেষ করেছে আকবর আলীরা।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে দুরন্ত। শুরুর চার ব্যাটারের সবাই হতাশ করেন। ৮ রান করতে ২২ বল খেলেন মাহফিজুল ইসলাম রবিন। জিসান আলম (০), জাওয়াদ আবরার (৬), আজিজুল হাকিম তামিমও (৬) বড় সংগ্রহ করার আগেই ফেরত যান। তবে আরিফুল ইসলাম ও এসএম মেহেরব হাসান হাল ধরলে ঘুরে দাঁড়ায় আকবর আলীর দল। ৪ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪১ রান করেন আরিফুল। ১ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৬ রান করেন মেহেরব। আকবরের ব্যাট থেকে আসে ৮ বলে ১৩ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ৯ বলে ১৮ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় দুরন্ত একাদশ। 

৪ ওভারে ২৩ রানে সর্বোচ্চ  ৪ উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।

জেতার লক্ষ্যে নেমে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লেতে ১ চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কায় মাত্র ১৭ বলে করেন ৩৯ রান। 

তার পর দলের জয়ে মাহমুদুল হাসান জয় ও নুরুল হাসান সোহান অবদান রাখেন। দুজনের ৬৮ রানের জুটিতে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় দুর্বারের। ৫১ বলে ৫৮ রান করে আউট হন জয়। নুরুল হাসান সোহান ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

চমৎকার বোলিং করে ৩ উইকেট নেন সাকলাইন।