নামিবিয়াকে হারিয়ে এখন অপেক্ষায় যুক্তরাষ্ট্র 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 

চেন্নাইয়ে গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে  টস জিতে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। জবাবে নামিবিয়া ৬ উইকেটে করতে পারে ১৬৮ রান। 

যুক্তরাষ্ট্রের হয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৩ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে বড় স্কোর পেতে অবদান রেখেছেন। তার বিস্ফোরক ইনিংসটাতে ছিল ৪টি চার ও ৬টি ছক্কার মার। শুরুর দিকে অবশ্য ভিত গড়তে অবদান ছিল অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের। ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। 

নামিবিয়ার হয়ে ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৮ রানে লড়াই করেছেন ওপেনার লরেন স্টিনক্যাম্প। তাছাড়া ৩১ রান করেন জেজে স্মিট। ২৮ রান আসে লফটি ইটনের ব্যাট থেকেও। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানে দুটি উইকেট নেন শেডলি ফন শালকভিক। 

গ্রুপ এ-তে ৪ ম্যাচে দুই জয়ে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্টে। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তানও। এখন যুক্তরাষ্ট্রের অপেক্ষায় থাকতে হবে বাকি গ্রুপ ম্যাচের ফলাফলের ওপর। আশায় থাকতে হবে সেসবের ফল যেন তাদের অনুকূলে আসে।