এ মাসেই বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড। তার আগে সফরকারীদের দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।
নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে বুধবার (৮ এপ্রিল) ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। সেই চোটের কারণে তাকে বাংলাদেশ সফর থেকে ছিটকে দিয়েছে।
বদলি বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষটি ছিল ২০২৪ সালের এপ্রিলে।
বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডিজে। তাকে সেখানে খেলার অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
ওয়ানডে স্কোয়াডে তার কোনও বদলি নেওয়া হয়নি দলে। পিএসএল শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন ২৮ বছর বয়সী এই পেসার।