চলমান পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার এনওসি ছিল ১২ এপ্রিল পর্যন্ত। এবার সেই এনওসি তথা অনাপত্তি পত্রের মেয়াদ আরও একদিন অর্থাৎ সেটা ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ ও শরিফুল দুজনেই পেশোয়ার জালমির হয়ে খেলছেন। তাদের অনাপত্তি পত্রের মেয়াদ বাড়ানো নিয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে আগে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল পেশোয়ার জালমির নির্ধারিত পিএসএল ম্যাচে অংশ নিতে তাদের পাকিস্তানে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।’
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জালমি পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে। সোমবার মুখোমুখি হবে মুলতান সুলতানসের।
উল্লেখ্য, শরিফুল ও নাহিদ দুজনই ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে রয়েছেন।