আগামী দু মাসের মধ্যে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর ওয়েস্ট ইন্ডিজ দল যদি বাংলাদেশ সফরে আসে তাহলে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে।
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ দিকে ভারত সফরে যাবে বাংলাদেশ। এর আগে টাইগারদের কোনও আন্তর্জাতিক খেলা নেই। তাই ভারত সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে আগ্রহী বিসিবিও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী রবিবার বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে হোম সিরিজ ঠিক করা হবে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে একটি প্রস্তাব পেয়েছি। ওরা একটি টেস্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটের ম্যাচও খেলতে আগ্রহী।’
/এমআর/