প্রচলিত আইন মেনেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি

রবিবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধের বিষয়টি নিয়ে বেশ চাপে ছিলো বিসিবি। কেননা ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি না নিয়ে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি হয়েছিল। ফলে আইনের ফাঁক গলিয়ে কর ফাঁকি দেওয়ার সুযোগ পান বিদেশি ক্রিকেটাররা।
সে কারণেই এবার সচেতনভাবেই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে অর্থ সংক্রান্ত সকল আইন মেনেই খেলোয়াড়দের চুক্তি সম্পন্ন করা হচ্ছে। ক্রিকেটারদের আয়ের ওপর দিতে হবে ট্যাক্স।
রবিবার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স বাই চয়েজ ভিত্তিতে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট কমিশনার হিসেবে পুরো কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘আমরা আইসিসির পূর্ণ সদস্য দেশ। আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি। এ জন্য প্রতিটি প্লেয়ারের চুক্তি বাধ্যতামূলক। সেক্ষেত্রে দেশের যে প্রচলিত আইন আছে তা মেনে চলতে হবে। ট্যাক্সসহ আরও যে ধরনের নিয়ম রয়েছে তা মানতে হবে। প্রচলিত আইন মেনেই প্লেয়ার্স কন্ট্রাক্ট করবো।’

সম্প্রতি মোবাইল অপারেটর কোম্পানি রবির পৃষ্ঠপোষকতায় এবং বিসিবির তত্ত্বাবধানে পেসারদের নিয়ে ফাস্ট বোলিং প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। সেখানে থেকে কিছু খেলোয়াড়কে ডিপিএল-এ খেলাতে আগ্রহী বোর্ড। এ বিষয়ে শনিবার বিসিবির সহ-সভাপতি জানান, ‘ফাস্ট বোলিং প্রোগ্রাম হয়েছে। সেখান থেকে কিছু খেলোয়াড়কে আমরা বাছাই করেছি। যারা অন্য কোনও বিভাগে এবছর খেলেনি। তাদের নিয়ে একটি ক্যাটাগরি হয়েছে, সর্বনিম্ন এক লাখ টাকা। যদি কোনও ক্লাব নিতে চায় ওখান থেকেও নিতে পারবে।’

/আরআই/এমআর/