টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন

ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নের অভ্যাসটা পুরনো। প্রায়ই তাদের ক্রিকেটারদের পাওনার নিয়ে ঝামেলা লেগেই থাকতো। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ শুক্রবার (৫ জুন) পাওনা টাকা না পেয়ে বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। জানা গেছে, মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্সের ক্রিকেটাররা। চুক্তির পর তাদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দিয়েও পারিশ্রমিকের বাকি টাকা না পাওয়ায় তারা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।

ক্রিকেটাররা জানান, ঈদের আগেই তাদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। গতকাল রাতে এ বিষয়ে ক্লাবকে তারা জানিয়েছিলেনও। কিন্তু আজ ম্যাচের আগে পারিশ্রমিক না পাওয়ায় তারা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। মাঠে যাওয়ার পর ব্রাদার্সের ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করতে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমিন খানকে ফোনে পাওয়া যায়নি। এমনিতেও মাঠের সুবিধা করতে পারছে না ব্রাদার্স। ৯ ম্যাচে মাত্র এক জয় পাওয়ায় অবনমন অঞ্চলে আছে গোপিবাগের দলটি।

ব্রাদার্স ইউনিয়ন মাঠে না আসায় প্রতিপক্ষ অগ্রনী ব্যাংক পেয়েছে ওয়াকওভার।