সাকিববিহীন কলকাতার দাপুটে জয়

239633.3আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি কলকাতার। এদিন দিল্লিকে ৯৮ রানে অলআউট করে দেয় গৌতম গম্ভীরের দল। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে ১৪.১ ওভারে জয় তুলে নেয় কেকেআর।

ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে দিল্লি। এ নিয়ে আইপিএলে সপ্তমবারের মতো ১০০ রানের নিচে আউট হলো তারা।

ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও মায়াঙ্ক আগারওয়াল ঝড়ো ব্যাটিংয়ের আভাস দেন। কিন্তু দলীয় ২৪ রানে ডি কক আউট হওয়ার পর ছন্দপতন ঘটে তাদের ব্যাটিং লাইনআপে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। কলকাতার বোলিং তোপে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দিল্লি। ফলে ১৭.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ব্যাট হাতে সর্বোচ্চ ১৭ রান করেন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। বল হাতে কলকাতার আন্দ্রে রাসেল ও ব্রাড হজ ৩টি করে উইকেট নেন। আর ২টি করে উইকেট নেন জন হ্যাস্টিংস ও পীযূষ চাওলা।

৯৯ রানের টার্গেটে খেলতে নেমে ৯.৪ ওভারের উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে কলকাতার দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবিন উত্থাপা। ৩৩ বলে ৩৫ রান করে আউট হন উত্থাপা। তবে বাকিটা সময় দলকে জয়ের বন্দরে নিয়ে যান গম্ভীর ও মনিশ পাণ্ডে।

/এমআর/