ইংল্যান্ড ও ওয়েলসে চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে তাদের এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
হাইকমিশনের এই সংবর্ধনায় মুগ্ধ ও আপ্লুত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, দেশের বাইরে প্রবাসী বাঙালিদের এমন নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন দলকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। লর্ডসের কঠিন চ্যালেঞ্জের আগে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে দলের জন্য দোয়া ও আশীর্বাদও চান তিনি।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটাররা আজ শুধু মাঠের খেলোয়াড় নন, তারা বাংলাদেশের লাখো কন্যাশিশু ও তরুণীর আত্মবিশ্বাস ও প্রেরণার সবচেয়ে বড় উৎস।’
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। আগামী স্থানীয় সময় রবিবার (২৮ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানার দল। বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা। পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন লর্ডসে তাদের আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম একাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তবে বৃহস্পতিবার (২৫ জুন) গ্রুপ-১-এর ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে গ্রুপের বাকি ম্যাচটি খেলতে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এখনও শেষ চারে ওঠার লড়াইয়ে রয়েছে।
গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।