ভারত জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারত সরকারের সবুজ সংকেত মিললেই কেবল বিরাট কোহলিদের এই সফর নিশ্চিত হবে। তবে যেকোনও মূল্যে সিরিজটি আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে জোর কূটনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবি বোর্ড মিটিং শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সভাপতি তামিম ইকবাল। সিরিজটি আয়োজনে ইতিবাচক চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, “ভারত সিরিজ নিয়ে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনও খবর আমার কাছে নেই। তবে আমরা বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক মেইল আদান-প্রদান ও আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি আশাবাদী তারা আসবে। ভারত সফর করলে দর্শক, সাংবাদিকসহ পুরো ক্রিকেট আঙিনাতেই একটি বাড়তি উন্মাদনা তৈরি হয়। বাংলাদেশ এখন সম্পূর্ণ নিরাপদ দেশ, আশা করি তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”
দ্বিপক্ষীয় সম্পর্কের সীমারেখা স্মরণ করিয়ে দিয়ে তামিম আরও বলেন, “আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার, তার সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি বোর্ড সভাপতি হিসেবে যতটা করা সম্ভব সব চেষ্টা করছি। তবে একটি নির্দিষ্ট সীমারেখা (লাইন) রয়েছে, যা আমার অতিক্রম করা উচিত নয়।”
আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিসিবি প্রধান বলেন, “যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন, আমি নিজে কথা বলেছি এবং বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা নিশ্চিত যে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো— সিরিজটি স্থগিত হলেও আমরা জানবো, আর অনুষ্ঠিত হলেও দ্রুতই ঘোষণা আসবে।”