একসময় ভারতের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মোহাম্মদ সামি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে সাফল্য এনে দেওয়া এই অভিজ্ঞ পেসার এখন যেন জাতীয় দলের বাইরে। সর্বশেষ একটি প্রতিবেদনে উঠে এসেছে, ভবিষ্যতের কথা ভেবেই সামির বদলে তরুণদের ওপর আস্থা রাখছে ভারতীয় নির্বাচকরা।
ফলে সব মিলে পরিস্থিতি যেমন দাঁড়াচ্ছে, তাতে ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা এখন প্রায় ক্ষীণ বলা চলে।
চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে আর ডাক পাচ্ছেন না। আসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট দলেও তাকে রাখা হয়নি। তাতে এটাই ইঙ্গিত মিলছে- নির্বাচকরা হয়তো অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন।
স্পোর্টস্টারের এক প্রতিবেদনে জানা গেছে, নির্বাচকরা আগামী দিনের জন্য ১৫ জন তরুণ ফাস্ট বোলারের একটি তালিকা তৈরি করেছেন, যারা ভবিষ্যতে ভারতের পেস আক্রমণের মূল শক্তি হয়ে উঠবেন।
তিন ফরম্যাটের জন্যই এই ১৫ জনকে বিবেচনায় রাখা হয়েছে। তবে অবাক করার মতো বিষয় হলো, সেই তালিকায় নেই সামির নাম।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকদের মূল লক্ষ্য এখন পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তাই অভিজ্ঞদের বদলে তরুণ পেসারদের আন্তর্জাতিক ম্যাচে সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। মোট কথা নতুন প্রজন্মদের নিয়েই ভাবছেন তারা।