ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম

২০২৭ সালের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যুগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের ম্যাচ হবে মোট ১২টি স্টেডিয়ামে। প্রায় ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকায় ম্যাচ আয়োজন করা হবে আটটি ভেন্যুতে। এগুলো হলো—জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

জিম্বাবুয়েতে খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডকে।

বিশ্বকাপের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উবুন্টু’। আফ্রিকার এই দর্শনের মূল কথা হলো মানবিকতা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং একসঙ্গে এগিয়ে চলা।

তবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি। পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচভিত্তিক ভেন্যু পরে প্রকাশ করা হবে।