বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটাতে এবার কূটনৈতিক উদ্যোগে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় দলকে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আনতে সরকারের সহায়তা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের আভাসের মধ্যেই এই বৈঠক সিরিজটি বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো করেছে।
জানা গেছে ইতোমধ্যেই বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন তামিম। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ যে সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত-সে বার্তা পৌঁছে দেওয়া।
ক্রিকবাজের পক্ষ থেকে বিষয়টি জানতে চাইলে বৈঠকের কথা স্বীকার করেছেন তামিম ইকবাল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
জানা গেছে, বিসিবি এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজ নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পায়নি। আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৯ জুলাই তামিম ইকবাল বলেছিলেন, সিরিজটি নিয়ে তারা আশাবাদী। তবে কিছু বিষয় তার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো সরকারিভাবেই সমাধান করতে হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
বাংলাদেশ-ভারত সিরিজটি মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি স্থগিত করা হয়। পরে ২০২৫ সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েনের কারণে সিরিজটি অনিশ্চয়তায় পড়ে। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে আবারও সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্প্রতি ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে নতুন আশার সঞ্চার করেছে।