অস্ট্রেলিয়াতে যখন একে একে সবাই উইকেট বিলিয়ে দিয়ে যাচ্ছিলেন সে সময় সাত নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরেন। তিনি পেয়েছেন সেঞ্চুরিও। আজ (৬ আগস্ট) মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ পায় ২৬৩ রানের সংগ্রহ।
প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে ব্যাটিং নিয়ে তার পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, ‘‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। তাদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’’
শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন মিরাজ। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটার ১১ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১০৯ রান করেন।
কাজটা কঠিন ছিল, দিন শেষে সেটি বলার চেষ্টা করেছেন মিরাজ, ‘‘আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’’
১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। ২৩ বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এই সেঞ্চুরি তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে জানান মিরাজ।
তিনি আরও বলেন, ‘‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’’