বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, ‘এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই’

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি এখনও ঝুলে আছে। সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার বিষয়ে এবার ভারত সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সফরের বিষয়ে দ্রুতই সরকারের সঙ্গে যোগাযোগ করবে ভারতের ক্রিকেট বোর্ড। ওই কর্মকর্তার ভাষায়, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইবো। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আর কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি, তবে খুব শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করবো।’  

তিনি আরও নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে। প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও হচ্ছে, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। খুব শিগগিরই বিষয়টি আরও পরিষ্কার হবে।’

প্রস্তাবিত সাদা বলের সিরিজের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা ভেবে রেখেছে বিসিবি। সংশোধিত সূচি অনুযায়ী, সিরিজে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

ওয়ানডে তিনটি হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি।

ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে পুরো সফরই এখন নির্ভর করছে ভারত সরকারের নির্দেশনা ও ছাড়পত্রের ওপর।

উল্লেখ্য,  মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। পরে সেই সিরিজ পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়।

তখন বিসিসিআই ও বিসিবি আনুষ্ঠানিকভাবে সিরিজ পেছানোর কারণ হিসেবে আন্তর্জাতিক সূচি ও সুবিধাজনক সময়ের কথা উল্লেখ করেছিল। তবে সেই সিদ্ধান্তটি এসেছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে।