অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দোয়া চাইলেন মুমিনুল

২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। তার আগে সবার কাছে দোয়া চেয়েছেন দলের অন্যতম ব্যাটার মুমিনুল হক সৌরভ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মুমিনুল লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট ফিরেছে! ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের শুভকামনা ও দোয়া চাই।’

আসন্ন সিরিজে স্পষ্ট ফেবারিট অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত দুই দল ছয়টি টেস্ট খেলেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচটিতে। তিনটি ম্যাচেই ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ক্রিকেটের পরাশক্তিরা। বাকি ম্যাচটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের বড় চিন্তা ব্যাটারদের ফর্ম। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিনও খেলতে পারেনি সফরকারীরা। ইনিংস ও ৩৫ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বাকি ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। যদিও প্রস্তুতি ম্যাচের ব্যাটিং ব্যর্থতাকে কেবল দুর্ঘটনা হিসেবেই দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ম্যাচের দুঃস্মৃতি ভুলে নিজেদের ওপর বিশ্বাস রাখছেন তিনি।