কলম্বোতে ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রে এক সামান্য বিরোধই রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে। আর সেই ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো।
৬২ বছর বয়সী এই কোচ তরুণ ক্রিকেটারদের সঙ্গে এক সংঘর্ষের পর মারা গেছেন। কলম্বোর একটি ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রে গত ৮ আগস্ট ঘটনাটি ঘটে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণ সেশনের সময় খেলোয়াড়রা পানি চাইলে বিষয়টি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন ফার্নান্দো এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কীভাবে সংঘর্ষের সূত্রপাত এবং কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে ফার্নান্দো ছিলেন একজন সম্মানিত কোচ ও স্কুল পর্যায়ের ক্রিকেট মেন্টর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক তরুণ ক্রিকেটারকে প্রশিক্ষণ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার বর্তমান ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিসও। ক্যারিয়ারের শুরুর দিকে ফার্নান্দোর কাছ থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন।