মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক? (ভিডিও)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনটা এমনিতেই ছিল উত্তেজনায় ঠাসা। দিনের শেষে সেই উত্তাপ আরও বাড়িয়ে দেয় মিচেল স্টার্ক ও মেহেদী হাসান মিরাজের কথার লড়াই।

স্টার্কের ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্ট অঞ্চলে শট খেলেন মিরাজ। বল ফিল্ডারের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিঙ্গেলের জন্য ছুটে যান তিনি। কিন্তু সেখানেই তৈরি হয় বিতর্ক। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলিংয়ের পর ফলো-থ্রুতে বোলারদের পিচের মাঝের নির্দিষ্ট অংশ এড়িয়ে চলতে হয়। একইভাবে রান নেওয়ার সময় ব্যাটারদেরও পিচের সেই সুরক্ষিত অংশ এড়িয়ে চলার কথা।

মিরাজ রান নিতে গিয়ে প্রথমে স্টার্কের দিকে তাকিয়েছিলেন। কিন্তু এরপর বলের দিকে নজর চলে যায় তার। আবার সামনে তাকানোর সময় দেখা যায়, তিনি প্রায় স্টার্কের মুখোমুখি। স্টার্ককে পাশ কাটিয়ে পিচের বাইরের দিক দিয়ে যাওয়ার পরিবর্তে মিরাজ বেছে নেন সবচেয়ে ছোট পথ পিচের মাঝখানটা।

ব্যাপারটি সঙ্গে সঙ্গে চোখে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার। রান সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মিরাজের দিকে এগিয়ে গিয়ে সতর্ক করেন, যেন পিচের সুরক্ষিত অংশে না দৌড়ান। মিরাজ তখন স্টার্কের দিকে হাত বাড়িয়ে বোঝানোর চেষ্টা করেন, সামনে কী ছিল। তখনই শোনা যায় স্টার্কের কড়া কণ্ঠ, ‘এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।’

মিরাজও আম্পায়ারকে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেন, ‘আমি দেখতে পাইনি। আমি দেখিনি।’

কিন্তু এখানেই শেষ নয়। স্টার্ক নিজের বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় আবার মিরাজকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না?’

মাঠের এই মুহূর্তটিই দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে পরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, মিরাজ ইচ্ছা করে পিচের মাঝ দিয়ে দৌড়াননি। টিভি সম্প্রচারে পন্টিং বলেন, তার মনে হয়নি ঘটনাটি ইচ্ছাকৃত ছিল। মিরাজ যখন মাথা তুলে সামনে তাকান, তখন স্টার্ক ইতোমধ্যে তার পথের মধ্যে চলে এসেছিলেন। ফলে দ্রুততম পথ হিসেবেই তিনি পিচের মাঝের দিক দিয়ে চলে যান।