ইতিহাসের পাতায় বাংলাদেশ বারবারই অবিশ্বাস্য জয়ের গল্প লিখেছে। কখনো বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে, কখনো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে। টেস্ট ক্রিকেটে টাইগারদের প্রতিটি বড় জয় যেন নতুন এক মাইলফলক। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় সেই তালিকায় যোগ করেছে আরও একটি গৌরবময় অধ্যায়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় নিশ্চিত করে বাংলাদেশ এবার নিজেদের স্মরণীয় টেস্ট জয়ের তালিকাকে আরও সমৃদ্ধ করেছে। দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট ইতিহাসের উল্লেখযোগ্য জয়গুলো।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ (২০২৬)— ৯ উইকেটের জয়
রবিবার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় নিশ্চিত করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে সফরকারীরা। বল হাতে পাঁচ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে হাসান মাহমুদের শিকার ছিল মোট ৯ উইকেট।
চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৭ রান তুলে নিয়ে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পাকিস্তান বনাম বাংলাদেশ (২০২৪) — ১০ উইকেটে জয়
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়টি এসেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। একই সঙ্গে এটি ছিল টেস্টে বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়।
প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৫৬৫ রান সংগ্রহ করে। এরপর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৭ উইকেট শিকার করেন। তাতেই আসে বাংলাদেশের স্মরণীয় জয়।
পাকিস্তান বনাম বাংলাদেশ (২০২৪) — ৬ উইকেটে জয়
১০ উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। ৬ উইকেটের এই জয় দিয়ে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।
প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে লিটন দাসের ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৬২ রান করে দল। দ্বিতীয় ইনিংসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু জুটির সহায়তায় শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২০২২) — ৮ উইকেটে জয়
মাউন্ট মঙ্গানুইয়ে তৎকালীন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডকে চমকে দিয়ে তাদের মাটিতে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের ৬ উইকেটের স্পেল বাংলাদেশের জয়ের পথ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (২০১৭) — ২০ রানে জয়
ঢাকায় রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন সাকিব আল হাসান। ব্যাট হাতে করেন ৮৯ রান, আর বল হাতে শিকার করেন ১০ উইকেট। তার অসাধারণ পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয় পায় টাইগাররা।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড (২০১৬) — ১০৮ রানে জয়
ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরানো এই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
ম্যাচে দুই ইনিংসেই ৬টি করে মোট ১২ উইকেট শিকার করেন মিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে উল্লেখযোগ্য এক জয় তুলে নেয় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (২০০৯) — ৯৫ রানে জয়
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিদেশের মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শেষ দিনে বল হাতে দারুণ পারফর্ম করেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাদের নেতৃত্বে বাংলাদেশের বোলিং আক্রমণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত ৯৫ রানের জয় নিয়ে বিদেশের মাটিতে ইতিহাসের প্রথম টেস্ট জয় উদযাপন করে টাইগাররা।