ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চার দিনে ম্যাচ জিতে প্রশংসায় মিরাজ-হাসানরা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার জয়ের ধন্যবাদ দিয়েছেন কোচিং স্টাফদের।
সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি লিখেছেন, “দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।
“অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিক এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওন ছাড়া আরও যারা আছে দলের সঙ্গে, সবাই এই কৃতিত্বের অংশীদার।”
এরপর তিনি লেখেন, “আমাদের দেশি কোচদের যদি আরও সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন। জয়টা শুধু ক্রিকেটারদের নয়, পেছনে থাকা প্রতিটি মানুষেরও।”
মাশরাফি লিখেছেন, “ক্রিকেট তুমি প্রথম স্পর্শ, প্রথম চাওয়া, প্রথম বিরহ, প্রথম পাওয়া, প্রথম কলহ, প্রথম রাত্রী, প্রথম দিন, প্রথম মিলনের অন্তহীন ভালোবাসা। আবার কখনও কখনও চরম যাতনা। ম্যাকাই টেস্টের জন্য শুভকামনা।”