জুলাইয়ে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে ছিলেন বাংলাদেশের তানজিদ হাসান। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। শেষ পর্যন্ত মাসসেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গ্রিভস।
ঘরের মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যাট ও বল- দুই বিভাগেই কার্যকর অবদান রাখেন গ্রিভস। নিজের মাঠে এমন পারফরম্যান্স দিয়ে এই স্বীকৃতি পাওয়াকে তাই বিশেষ মনে করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
পুরস্কার জয়ের পর গ্রিভস বলেছেন, ‘ঘরের মাঠে খেলা মাসটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রাখতে পারা আমার জন্য বিশেষ কিছু। বিশেষ করে ঘরের দর্শকদের সামনে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করতে পারাটা সবসময়ই আমি আনন্দের সঙ্গে মনে রাখবো।’
জুলাইয়ে ব্যাট ও বল- দুই বিভাগেই দুর্দান্ত সময় কেটেছে তার। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার অ্যান্টিগার নর্থ সাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিংয়ে ভর করে ম্যাচটি ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজও জিতে নেয় তারা। এরপর তাউরোবায় পাকিস্তানের বিপক্ষে বল হাতে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দুটি টেস্টে জুলাই মাস শেষ করেন ৭১.৬৬ গড়ে ২১৫ রান নিয়ে। পাশাপাশি মাত্র ১০.২৫ গড়ে নেন ৮ উইকেট। এর বাইরে দুটি ওয়ানডেতেও খেলেছেন তিনি।