৬৪ রানে অলআউট। এমন স্কোরের পর যে কোনো দলই হয়তো ম্যাচের আশা ছেড়ে দিতো। কিন্তু বাংলাদেশ তা করছে না। মিচেল স্টার্কের ৬/১২-এর জবাবে ক্যারিয়ারসেরা ৬/৩৫ নিয়ে ঝড় তুলেছেন শরিফুল ইসলাম। তবু নিজের অসাধারণ পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ এই বাঁহাতি পেসার। তাঁর চোখ এখন একটাই জায়গায়- ম্যাচ জয়।
টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের পাশাপাশি ৬ উইকেট নিয়ে দিনের সেরা পারফরমার হলেও শরিফুল জানেন, বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে বার্তা ছিল ম্যাচ এখনও অনেক বাকি এবং আমাদের বোলিং করার পালা আসছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনও ভালোভাবেই ম্যাচে আছি। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো যাতে পুরো দ্বিতীয় ইনিংসটা আমাদের হয়।’
শরিফুলের বোলিংই সেই বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছে। প্রথম টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টে ফিরেই প্রথম ওভারে পরপর দুই উইকেট তুলে নেন। ফেরান ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে। এরপর তার শিকার হন স্টিভেন স্মিথ, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
দিন শেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান করেছে। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে ১০১ রানে।
শরিফুল জানান ৬ উইকেট পাওয়াকে নিজের কাছে ম্যাচ জয়ের চেয়ে বড় করে দেখতে চান না তিনি, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার পাঁচ উইকেট পেলে সবারই ভালো লাগে। কিন্তু আমরা ম্যাচ জিতলে আমি সবচেয়ে বেশি খুশি হবো। শুধু পাঁচ উইকেট পেয়েছি বলে আমি বেশি চিন্তা করছি না বা অতিরিক্ত উদযাপনও করছি না। আমরা যদি ম্যাচ জিততে পারি, তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হবো।’