ক্রিকেটারদের বেটিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে সতর্ক করবে বিসিসিআই

অর্থ ও খ্যাতির হাতছানি এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদেরও প্রলোভনে ফেলে। তাই ভারতের তরুণ ক্রিকেটারদের মাদক, বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী মাসে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন জুনিয়র ক্রিকেট কমিটি ঘোষণা হওয়ার কথা। নতুন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে তরুণ ক্রিকেটারদের মধ্যে নৈতিক মূল্যবোধ জোরদার করা এবং মাদক, বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের মতো বিষয়ে সচেতনতা তৈরি করা।

জুনিয়র ক্রিকেট কমিটির পাঁচটি পদের জন্য লোক চেয়েছে বিসিসিআই। আবেদন করার শেষ সময় ৫ সেপ্টেম্বর। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সিনিয়র ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তরুণদের এসব বিষয়ে সচেতন করা হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘এই ছেলেরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। অনূর্ধ্ব-১৯ পর্যায়েও যখন এত অর্থ ও খ্যাতি জড়িয়ে আছে, তখন থেকেই তাদের শিক্ষা শুরু হওয়া উচিত।’

নতুন কমিটি বর্তমান কমিটির স্থলাভিষিক্ত হবে। পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে তাদের।

বর্তমান কমিটির শেষ দায়িত্ব হবে জুনিয়র ইরানি কাপের জন্য ভারতীয় অবশিষ্ট অনূর্ধ্ব-২৩ দল নির্বাচন করা। এই টুর্নামেন্টে সিকে নাইডু কাপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে ভারতীয় অবশিষ্ট অনূর্ধ্ব-২৩ দল।

নতুন কমিটি অনূর্ধ্ব-২২ পর্যন্ত বয়সভিত্তিক দলগুলোর কোচিং ক্যাম্প এবং দেশ-বিদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের জন্য দল নির্বাচন করবে। পাশাপাশি প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী পাইপলাইন ও বেঞ্চ তৈরি করাও তাদের দায়িত্বের অংশ হবে।

ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন নির্বাচকেরা। ক্যাম্প, সফর ও ভারতের এবং বিদেশের বিভিন্ন টুর্নামেন্টের জন্য দল গঠন ও খেলোয়াড়দের উন্নয়নেও তারা ভূমিকা রাখবেন।

জুনিয়র দলগুলোর কোচ ও সাপোর্ট স্টাফ বাছাইও নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থাকবে। ফিজিওথেরাপিস্ট, ট্রেনার, থেরাপিস্ট, অ্যানালিস্ট ও মেডিকেল স্টাফসহ সংশ্লিষ্টদের যাচাই ও নিয়োগের প্রক্রিয়ায় ভূমিকা রাখবে কমিটি।

এছাড়া জুনিয়র দলগুলোর পারফরম্যান্স ও উন্নয়ন পর্যবেক্ষণ, নিয়মিত মূল্যায়ন প্রতিবেদন তৈরি এবং বিভিন্ন ফরম্যাটে অধিনায়ক নির্বাচনও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।

বিসিসিআইয়ের জুনিয়র টুর্নামেন্ট আয়োজন, বিদেশ সফর এবং তরুণ ক্রিকেটারদের আচরণ ও প্রশাসনসংক্রান্ত বিষয়গুলোও দেখবে নতুন কমিটি।

কমিটির সদস্য হতে হলে আবেদনকারীকে সাবেক ক্রিকেটার হতে হবে এবং অন্তত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অবসর নেওয়ার পর অন্তত পাঁচ বছর পার হতে হবে।