এশিয়া কাপ খেলতে যাওয়ার আগের দিন জানা গেলো, পায়ের চোটে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার জায়গায় ডাক পেলেন তরুণ পেসার ফারজানা ইয়াসমিন। সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের নতুন আসর। আট দেশের এই টুর্নামেন্ট খেলতে বুধবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তৃষ্ণার ডান ঊরুতে গ্রেড-২ টিয়ার রয়েছে। যা থেকে সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লেগে যাবে। যার ফলে এশিয়া কাপের পর জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসেও খেলা হবে না ২৩ বছর বয়সী পেসারের।
তৃষ্ণার সর্বনাশই আবার পৌষ মাস হয়ে এসেছে ফারজানার জন্য। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই পেসার। স্কোয়াডে পেসার আছেন আর শুধু মারুফা আক্তার। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার রিতু মনিও আছেন দলে।
টুর্নামেন্টের গত আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
এবার ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বরে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আখতার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।