ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনাও চলছে। তার মধ্যেই আরও একটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টসহ চার ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে থাকবে একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ। তবে সাদা বলের তিন ম্যাচের সূচি ও ফরম্যাট নির্ধারণ করবে স্বাগতিক আফগানিস্তান।
অথচ সূচি অনুযায়ী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ড এখনও সিরিজ নিয়ে আলোচনায় রয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে।
অবস্থাদৃষ্টে ভারত সিরিজের ভাগ্য এখনও ঝুলে থাকলেও বাংলাদেশের সামনে অক্টোবর থেকে ব্যস্ত ক্রিকেট মৌসুম অপেক্ষা করছে।
শাহরিয়ার নাফীস জানিয়েছেন, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি লাল বলের ও তিনটি সাদা বলের ম্যাচ রয়েছে। সিরিজের আয়োজক আফগানিস্তান হওয়ায় সাদা বলের ম্যাচগুলোর সূচি ও ফরম্যাট তারাই ঠিক করবে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণও। কারণ এরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় দুটি টেস্ট সিরিজ।
অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলার কথা রয়েছে। এই দুই টেস্ট সিরিজ আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের শেষ অ্যাসাইনমেন্টও বেশ গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে অভিযান শেষ করবে টাইগাররা।