জয়সওয়াল ও বৈভবের মাঠের আচরণে মাঞ্জরেকারের প্রশ্ন, ‘এভাবে চলতে দেওয়া যায়?’

মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এরপর শারীরিক সংস্পর্শ। ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক দুই ঘটনায় এবার কড়া অবস্থান নেওয়ার দাবি উঠেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের আচরণ নিয়ে সরব হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। আইসিসি ও বিসিসিআইকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাঞ্জরেকার জয়সওয়ালের ঘটনা এবং সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে খেলা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর একটি ঘটনার তুলনা টেনেছেন।

তার বক্তব্য, তরুণ ক্রিকেটারদের এমন আচরণ বারবার ক্ষমা করে দিলে ভবিষ্যতে তারা একই ভুল করার সাহস পেতে পারে। এতে শুধু ক্রিকেটের ক্ষতি হবে না, ক্ষতি হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ক্যারিয়ারেরও।

মাঞ্জরেকার লিখেছেন, ‘বৈভবের পর এবার জয়সওয়াল-এভাবে যদি তাদের এমন আচরণ করে পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে তাদের একই আচরণ বারবার করার অভ্যাস তৈরি হবে। এটা ক্রিকেটের জন্য ভালো নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও নয়।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে।

শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে আউট হন জয়সওয়াল। এরপরই ভারতীয় ব্যাটার শ্রীলঙ্কান পেসারের দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে ফার্নান্দো জয়সওয়ালের দিকে মাথা এগিয়ে দেন। জয়সওয়ালও সামনে ঝুঁকে পড়লে দুজনের মাথায় মাথায় ধাক্কা লাগে।

ঘটনাটিকে হালকাভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুজনকেই আইসিসি কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়। 

শাস্তি হিসেবে দুজনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দু’জনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।