বাজে ফর্মে বাদ লাবুশেন, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে একঝাঁক তরুণ

একসময় যাকে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসা ভাবা হতো, সেই মারনাস লাবুশেনই এবার দলের বাইরে! আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যের এমন ছাঁটাইয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন প্রজন্মের আগমনের বার্তাই যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

লাবুশেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন উদীয়মান তিন ক্রিকেটার—১৯ বছর বয়সী ব্যাটিং প্রতিভা ওলি পিক, ২২ বছর বয়সী অলরাউন্ডার জোয়েল ডেভিস এবং ২৩ বছর বয়সী অলরাউন্ডার কুপার কনলি।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে লাবুশেনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পাশাপাশি টেস্ট দলেও তার জায়গা এখন অনিশ্চিত। ২০২৩ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার কারণে এবার কঠিন সিদ্ধান্তই নিয়েছেন নির্বাচকরা।

এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। টেস্ট দল ঘোষণা করা হবে পরে।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আর মাত্র এক বছর বাকি। আর এবারের আসর অনুষ্ঠিত হবে যে দেশগুলোতে, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার এই সফরকে তাই বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন নির্বাচকরা।

দলে ফিরেছেন মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জশ হ্যাজলউড। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে বছরের শুরুতে ওয়ানডে সিরিজে ছিলেন না তারা।

তবে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক পুরো সফরে থাকছেন না। কাজের চাপ সামলাতে তারা শুধু দক্ষিণ আফ্রিকা পর্বের তিনটি ম্যাচ খেলবেন।

পেস আক্রমণে অবশ্য অস্ট্রেলিয়ার বিকল্পের অভাব নেই। ১৭ সদস্যের দলে রয়েছেন স্পেন্সার জনসন, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট ও বিলি স্ট্যানলেক। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধু অ্যাডাম জাম্পা। বাদ পড়েছেন ম্যাথু কুনেমান।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজের অস্ট্রেলিয়া দল

মিচেল মার্শ, প্যাট কামিন্স (শুধু দক্ষিণ আফ্রিকা), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, অলি পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক (শুধু দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা।