অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০১৭ সালে দল পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামার সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। প্রায় এক দশক পর এবার সত্যিই ক্যারিবীয় মঞ্চে ব্যাট-বল হাতে দেখা যেতে পারে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
শনিবার গায়ানার উদ্দেশে দেশ ছেড়েছেন মিরাজ। নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত জাতীয় দলের এই তারকা। দেশ ছাড়ার আগে বিমানের ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তিনি।
মিরাজ লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবীয় যাত্রা শুরু করতে প্রস্তুত।’
সিপিএলে এবারই প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন মিরাজ। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে সেই আসরে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তার।
এবার মিরাজকে দলে নিয়েছে গায়ানা। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে দলে ঢুকেছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নবী সিপিএল ছেড়ে যাওয়ায় তার জায়গাতেই মিরাজকে নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। ফলে মিরাজের সামনে এবার নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে।
এর মধ্যে দুর্দান্ত ছন্দেও রয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। শনিবার জ্যামাইকা কিংসমেনকে আট উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে এখন পর্যন্ত শতভাগ সাফল্য ধরে রেখেছে গতবারের রানার্স আপরা।