পুরুষদের এশিয়া কাপে ট্রফি নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি শেষ হয়নি। এরই মধ্যে সামনে এসেছে আরেক সম্ভাব্য ‘ট্রফি নাটক’। এবার মঞ্চ নারী এশিয়া কাপের ফাইনাল। আর সেই ফাইনালেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। ফলে ভারত ফাইনালে উঠে শিরোপা জিতলে গত বছরের মতো ফের ট্রফি নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিও সুপারের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন নাকভি। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথিও করা হয়েছে তাকে। আর এখানেই তৈরি হয়েছে সম্ভাব্য বিতর্কের সূত্র।
কারণ, গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর ট্রফি তুলে দেওয়া নিয়ে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল, এবারও তার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে।
হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত নারী দল এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট। ইতোমধ্যেই তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ভারত শেষ পর্যন্ত শিরোপা জিতে নিলে নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
গত বছর পুরুষদের এশিয়া কাপে ট্রফি বিতর্কের পর ভারতীয় দলের সঙ্গে নাকভির সম্পর্কও স্বাভাবিক নেই। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তানের অধিনায়ক সানা মির একে অপরের সঙ্গে হাতও মেলাননি।
গত বছর ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার মধ্যেও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল।
উল্লেখ্য, গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দেওয়ার জন্য প্রায় আধা ঘণ্টা মঞ্চে অপেক্ষা করেছিলেন মোহসিন নাকভি।
কিন্তু ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান।