ব্যাট হাতে একসময় প্রতিপক্ষের বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন। এবার হাতে ব্যাট নয়, নতুন ভূমিকায় ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরছেন কেভিন পিটারসেন। তবে এবার মাঠে খেলোয়াড় হিসেবে নয়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযানে কোচিং দলের বিশেষ পরামর্শক হিসেবে থাকবেন তিনি।
২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে পিটারসেনকে সাদা বলের কোচিং দলে নিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন তিনি।
এ ছাড়া আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন পিটারসেন। আগামী গ্রীষ্মে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও কাজ করবেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপেও ইংল্যান্ড দলের সঙ্গে থাকবেন।
ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘কেপির (পিটারসেন) প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং ক্রিকেটে সে যা অর্জন করেছে, সেটিও অসাধারণ। ইংলিশ ক্রিকেটে তার প্রভাব ছিল দারুণ। তার মতো অভিজ্ঞতা, জ্ঞান ও মর্যাদাসম্পন্ন একজন এই দলের সঙ্গে কাজ করতে চাওয়াটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’
ইংল্যান্ডের অন্যতম সফল সাদা বলের ব্যাটার পিটারসেন। ২০১০ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।
ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে প্রায় সাড়ে চার হাজার রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৪১.৩২ গড় নিয়ে তার ৪ হাজার ৪৪০ রান ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে জো রুটের পর দ্বিতীয় সর্বোচ্চ গড়ের রেকর্ড। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে এক হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ও পিটারসেনের।
নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত পিটারসেন। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে যুক্ত হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পথে এই দলকে সহায়তা করার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। ২০১৪ সালের পর প্রথমবার ইংল্যান্ডের জার্সি পরা আমার জন্য গভীর সম্মানের এবং অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত।’