স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবারও জাদু দেখালেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ঘূর্ণি জাদুতে এবার ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার ভোরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। জবাবে জয় পেতে সমস্যা হয়নি গায়ানার।

স্বাগতিক দলটির জয়ে বড় ভূমিকা মিরাজের। ত্রিনবাগোর ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়ে ৪ ওভারে মাত্র ২৩ রান ব্যয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

এর আগে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সিপিএলে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। প্রথম দুই ম্যাচে ৮ ওভারে মাত্র ৩৬ রান খরচায় তার শিকার ৭ উইকেট।

ত্রিনবাগোর বিপক্ষে পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন মিরাজ। চতুর্থ বলে তিনি ফিরিয়ে দেন বাঁহাতি ওপেনার কলিন মুনরোকে। পরের বলে তার শিকার নিকোলাস পুরান। দুই বিধ্বংসী ব্যাটারই বড় শট খেলতে গিয়ে হন বোল্ড!

নিজের পরের ওভারে আর উইকেট পাননি মিরাজ। পরে তৃতীয় ওভারে জাইড গুলিকে বোল্ড করে দেন অভিজ্ঞ স্পিনার। ১৫তম ওভারে নিজের কোটা পূর্ণ করতে এসে সুনিল নারাইনকে বোল্ড করেন মিরাজ। 

অর্থাৎ ৪ উইকেটের সবকটিই ব্যাটারদের বোল্ড করে নেন মিরাজ। তার ঘূর্ণি জাদুতেই ১২৯ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো।

যদিও পরে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি বাংলাদেশি তারকা। পাঁচ নম্বরে নেমে ১৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। তবে শাই হোপ ৩৫ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

৯ ম্যাচে গায়ানার এটি অষ্টম জয়। গ্রুপ পর্বে শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।