গাঙ্গুলীর বায়োপিকের শুটিংয়ে পিচের ক্ষতি, লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা!

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের সঙ্গে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের এমন এক যোগসূত্র তৈরি হয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের চমকে দিতে পারে। ‘দাদা’ নামে তৈরি হতে যাওয়া ভারতীয় সাবেক অধিনায়কের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। আর সেই শুটিংয়ের কারণেই ম্যাচের আগে দীর্ঘ সময় পিচ ঢেকে রাখা সম্ভব হয়নি। পরে সেই পিচকে ‘নিম্নমানের’ আখ্যা দিয়ে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কেটে নিয়েছে কর্তৃপক্ষ।

গত আগস্টে গ্ল্যামারগনের বিপক্ষে নিম্নমানের পিচ প্রস্তুতের অভিযোগ ওঠে লেস্টারশায়ারের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের পর ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল অভিযোগ বহাল রাখে। যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে লেস্টারশায়ার।

জানা গেছে, যে সিনেমার শুটিং হয়েছিল সেটি সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। ম্যাচের চার দিন আগে গ্রেস রোডে শুটিং হয়। শুটিংয়ের কারণে প্রায় আট ঘণ্টা উজ্জ্বল রোদে পিচ ঢেকে রাখা সম্ভব হয়নি।

লেস্টারশায়ার যুক্তি দিয়েছিল, সিনেমার শুটিং পিচের অবস্থার অবনতির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ এবং এটিকে শাস্তি কমানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত। তবে নিয়ন্ত্রক সংস্থা সেই যুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, পিচ প্রস্তুতির সঙ্গে জড়িত একাধিক কারণের মধ্যে এটি ছিল মাত্র একটি।

তদন্তে দেখা যায়, পিচে অসম বাউন্সের সমস্যা ছিল। নড়াচড়া করে এমন ফাটল, কিছু জায়গায় মাটি ধসে যাওয়া, বলের আঘাতে তৈরি গর্ত এবং বড় বড় ঘাসের স্তূপের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। ম্যাচ রেফারি ইয়ান রামেজ মোট ৪৩টি অসম বাউন্সের ঘটনা নথিভুক্ত করেন।

ফলে গ্ল্যামারগনের বিপক্ষে জয়ের জন্য পাওয়া ১৯ পয়েন্টই হারিয়েছে লেস্টারশায়ার। এর সঙ্গে অতিরিক্ত ৮ পয়েন্ট কাটা হয়েছে এবং ৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। আরও ৮ পয়েন্টের শাস্তি স্থগিত রাখা হয়েছে, যা ২০২৭ মৌসুম শেষ হওয়া পর্যন্ত কার্যকর হবে না। তবে একই ধরনের অপরাধে পড়লে তা কার্যকর হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে ডিভিশন ওয়ানে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে লেস্টারশায়ার। ফলে অবনমনের শঙ্কাও প্রবল।

তবে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, লেস্টারশায়ার ইচ্ছাকৃত খারাপ পিচ তৈরি করেনি। কিন্তু পিচ প্রস্তুতের ক্ষেত্রে তাদের নেওয়া পদ্ধতিকে ‘অযৌক্তিক’ বলে মনে হয়েছে এবং নির্ধারিত মানদণ্ড পূরণে তারা ব্যর্থ হয়েছে।

এদিকে, সৌরভের বায়োপিকটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ১৪ মে। এমনটাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সিনেমাটিতে ভারতের সাবেক অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রাজকুমার রাও।