শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জুড়েই ছিল ইংল্যান্ডের দাপট। শেষ টি-টোয়েন্টিতেও বদলায়নি চিত্র। ম্যানচেস্টারে মাত্র ১০ ওভারের মধ্যেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। সেই সঙ্গে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছে তারা। টপকে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকেও।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে কার্ডিফে ৬ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১২৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আরও বিধ্বংসী ছিল ইংল্যান্ড। ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই জয় নিশ্চিত করে তারা। জস বাটলার ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৮৫ রানের জুটি ম্যাচটিকে একেবারেই একপেশে করে দেয়।
এই জয়ে শেষ ২৬ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের জয় ছিল ২৩টি। এরই মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও ফিরে পেয়েছে তারা। গত দুই মাসে ইংল্যান্ড ও ভারত তিনবার অদলবদল করেছে শীর্ষস্থান।