এশিয়ান গেমস

ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপের পর আরও একটি সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবার লড়াইটা ছিল এশিয়ান গেমস ক্রিকেটে। কিন্তু সেখানেও ভাগ্য বদলায়নি। ১১৪ রানে হেরেছে নিগার সুলতানার দল। 

এই পরাজয়ে এখন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে। ভারত-শ্রীলঙ্কা খেলবে ফাইনালে সোনার লড়াইয়ে। 

ভারত শুরুতে ৪ উইকেটে ১৯৫ রান করেছিল। জবাবে ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

শুরুতে শেফালি বার্মার বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় সেমিফাইনালে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম শতক তুলে ভারতকে বড় সংগ্রহ এনে দেন শেফালি। তাতে এশিয়ান গেমস ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম নারী ক্রিকেটার হিসেবে কীর্তি গড়েছেন তিনি। 

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ফলে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা। বিশেষ করে শেফালি ছিলেন দুর্দান্ত। অনুকূল ব্যাটিং কন্ডিশন ও মাঠের দুই পাশের ছোট সীমানার পূর্ণ সুবিধা নিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডার বাংলাদেশের বোলিং আক্রমণকে চাপে রাখে।

শেফালি তুলে নেন সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। তার দুর্দান্ত ইনিংসেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৪৯ বলে১০০ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি  ছয়। 

স্মৃতি মান্ধানাও শুরুটা করেছিলেন ঝড়ো গতিতে। ১৯ বলে ৩৭ রান করেন বাঁহাতি এই ওপেনার। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। তবে নাহিদা আক্তারের বলে আউট হয়ে ফিরতে হয় তাকে।

অন্য ওপেনার গুনালান কমলিনি অবশ্য ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি। ১০ বলে ৩ রান করে সানজিদা আক্তার মেঘলার বলে সাজঘরে ফেরেন।

এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌর দলের রানের গতি ধরে রাখেন। ৩৩ বলে ৪০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। 

জবাবে ব্যাট হাতে কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভারত। রান তোলাই যেন তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। ডাবল ডিজিটে রান করেছেন দুজন- ওপেনার দিলারা আক্তার ২৭ ও শারমিন আক্তার ১০। ভারতের হয়ে ৭ রানে ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ২৫ রানে ৩টি নেন নন্দিনি শর্মা। ৭ রানে দুটি নেন শ্রী চরণী।