আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম অস্ত্র তাসকিন আহমেদ। এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলার সম্ভাবনার দুয়ারও খুলে গেল তার সামনে। টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশের এই তারকা পেসার।

বুধবার এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ করেছে।

এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এক হাজারের বেশি ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যাই পাঁচশ’র বেশি।

অবশ্য তাসকিনের এপিএলে খেলা এখনো নিশ্চিত নয়। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সেখানেই ঠিক হবে কোন ক্রিকেটার কোন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাচ্ছেন।

এখন পর্যন্ত এপিএলের কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাসকিনকে যুক্ত করা হয়নি। ফলে ড্রাফটের দিনই জানা যাবে বাংলাদেশের এই পেসারের নতুন ঠিকানা।

তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এপিএল লিখেছে, ‘অপেক্ষার অবসান। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেছেন। আপনারা তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’