আইপিএল ২০২৭-এর নিলাম আগামী ডিসেম্বরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।
বুধবার বার্তা সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, ‘গত বছর সৌদি আরব, দুবাই ও আবুধাবির মতো তিনটি বিদেশি ভেন্যুতে আইপিএলের নিলাম আয়োজনের পর এবার আমরা ডিসেম্বরে গোয়ায় নিলাম আয়োজন করতে যাচ্ছি।’
এর আগে ক্রিকইনফো জানিয়েছিল, আইপিএল ২০২৭-এর নিলাম ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এটি হবে ২০২৩-২৭ চক্রের শেষ মিনি নিলাম।
আইপিএলের সময়সূচি নিয়েও এরই মধ্যে ভাবতে শুরু করেছে বিসিসিআই। গত জুনে সাইকিয়া জানিয়েছিলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্টে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য স্বাভাবিক সময়ের চেয়ে আগেই আইপিএল শুরু করার কথা ভাবছে বোর্ড।
তখন তিনি জানিয়েছিলেন, আইপিএল আগামী ১০ মার্চের মধ্যে শুরু করে ১৫ মে’র মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। সাধারণত মার্চের শেষ দিকে শুরু হয়ে মে মাস পর্যন্ত চলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগ।