এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মাঠে ফেরার পরই আইনি জটিলতায় পড়েছেন এসেক্সের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির করা হবে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন- এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ওই ঘটনায় ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেফতার করা হয়েছিল।

এর প্রায় এক বছর পর, ২০২৬ সালের ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। এর দুই দিন আগে চলতি মৌসুমে এসেক্সের মূল দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচের পর তাকে পরবর্তী সময়ে সাময়িকভাবে নিষিদ্ধ করে এসেক্স।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুইন্স রোড, ওয়ালথাম ফরেস্টের রবিন দাসকে ২৩ জুলাই ২০২৬ তারিখে ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’

রবিন দাস ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক করেন। কাউন্টিটির হয়ে এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে সফরকারী আয়ারল্যান্ড দলের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন এই ব্যাটার।

উল্লেখ্য, ২০০২ সালে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। তার বাবা মৃদুল কা‌ন্তি দাসের বা‌ড়ি সুনামগঞ্জ শহ‌রের উকিলপাড়ায়। সেই সূত্রে ২০২৩ সালে বিপিএল খেলতে এসেছিলেন তিনি। সেবার প্রথম বিপিএল খেলতে ঢাকা ডমিনেটরসের হয়ে নাম লেখান। খেলেন দুটি ম্যাচও। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার অভিজ্ঞও হয়েছে তার।