আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই সংস্করণ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কোহলি। পরের বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। এবার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানালেন ভারতের সাবেক অধিনায়ক।

জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ২০২৭ বিশ্বকাপ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলা শরীর ও মনের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে। তবে ভারতের হয়ে সেটিই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে—এই বিষয়টিই তাকে শেষবারের মতো নিজের সবটুকু উজাড় করে দিতে অনুপ্রাণিত করছে।

তিনি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা—নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।’

৫০ ওভারের ক্রিকেটের তীব্রতা নিয়েও কথা বলেন কোহলি। তার মতে, বর্তমান সময়ে ওয়ানডেতে প্রায় প্রতিটি ম্যাচেই টি-টোয়েন্টির মতো উচ্চমাত্রার তীব্রতা ধরে রেখে খেলতে হয়।

কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনও কিছুর চেয়ে বেশি। বিশ্বকাপে টানা প্রায় ১০টি ম্যাচে একই তীব্রতা ও শক্তির মান ধরে রাখা সত্যিই বড় চ্যালেঞ্জ।’

২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কোহলির। ২০১১ সালে খেলেন নিজের প্রথম বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। ৪৯ বলে ৩৫ রানের ইনিংস খেলার পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন তিনি। সেই ম্যাচে জয়ের মাধ্যমে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।