না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দল সূত্র জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠের অবস্থা খেলার অনুপযোগী হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, বৃষ্টির কারণে খেলা হচ্ছে না। তাই দল আর স্টেডিয়ামে যাবে না।’
চলতি গেমসে বৃষ্টির হানা এবারই প্রথম নয়; এর আগে টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির পেটে গেছে। এমনকি গত সোমবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৃষ্টিতে পণ্ড হয়ে যায়।
আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, বৃষ্টি বা আবহাওয়ার কারণে সেই সেমিফাইনালও বাতিল হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে লড়তে হবে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে।