নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প

আগেই অনুমান করা হয়েছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ডেভিড হেম্পকে বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

৫৫ বছর বয়সী হেম্প অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ব্রিসবেনে জাতীয় নারী দলের সঙ্গে যোগ দিয়ে তার দুই বছরের মেয়াদ শুরু করবেন। তার মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।

হেম্প সরওয়ার ইমরানের স্থলাভিষিক্ত হলেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এই নিয়োগের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন হেম্প। এর আগে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

২০২৩ সালের মে থেকে বিসিবির কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত হেম্প। ওই সময় তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে তাকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচের দায়িত্বও দেওয়া হয়। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরের সময়ও তিনি পুরুষ দলের কোচিং স্টাফের অংশ ছিলেন।

নারী ক্রিকেটে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে হেম্পের। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়া উইমেনস বিগ ব্যাশ লিগে ভিক্টোরিয়া স্টেট নারী দল ও মেলবোর্ন স্টারসের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।