অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন

এক মঞ্চে তিন কিংবদন্তি। মুম্বাইয়ে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকারের বিনয় ও ভারতের খ্যাতিমান গীতিকার-চলচ্চিত্রকার গুলজারের প্রতি তার আন্তরিকতার কয়েকটি মুহূর্ত ছুঁয়ে গেছে উপস্থিত সবার হৃদয়।

মুম্বাইয়ে ডা. পি. জগন্নাথের স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ও গুলজারের সঙ্গে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দিয়েছেন শচীন টেন্ডুলকার।

খ্যাতনামা ক্যানসার সার্জন ডা. পি. জগন্নাথের লেখা এবং পঙ্কজ মিশ্রের সহ-রচনায় ‘ডিআর ব্লু: আ ক্যানসার সার্জন’স জার্নি ইনটু দ্য হিউম্যান সাইড অব হিলিং’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, তার স্ত্রী জয়া বচ্চন, গুলজার ও শচীন টেন্ডুলকার। প্রবীণ এই চিকিৎসক ও তার কাজের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত তিন কিংবদন্তিকে একত্র করেছিল অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে আশীর্বাদ নেন শচীন ও তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার। পরে মঞ্চে আরেকটি মুহূর্তে দেখা যায় ভারতের সাবেক অধিনায়ককে। তিনি গুলজারকে অনুষ্ঠান চলাকালে মঞ্চে থাকা গুলজারকে এক গ্লাস পানি এগিয়ে দেন শচীন। গুলজার শচীনের হাত ধরে সেই গ্লাস থেকে পানি পান করেন। ক্যামেরায় ধরা পড়ে সেই উষ্ণ মুহূর্তটিও। পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনুষ্ঠানটির ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে।

এরপর গুলজারকে মঞ্চ থেকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করছিলেন অমিতাভ। একপর্যায়ে গুলজারকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গেলে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন শচীন।

পরে অমিতাভ ও শচীন দুজনেই গুলজারকে নিরাপদে মঞ্চ থেকে নামতে সহায়তা করেন। মুহূর্তটি ফুটিয়ে তোলে তিন প্রবীণের পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের গভীর সম্পর্ক।

বই প্রকাশনার এই অনুষ্ঠান অমিতাভ ও গুলজারেরও এক ধরনের পুনর্মিলন হয়ে উঠেছিল। সিনেমা, সাহিত্য ও কবিতার সূত্রে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে দুজনের। ডা. জগন্নাথ দুজনেরই চিকিৎসা করেছেন। অন্যদিকে শচীনের মায়েরও অস্ত্রোপচার করেছিলেন এই ক্যানসার সার্জন।