বিশ্বকাপ জয়ের পর এশিয়ান গেমসে সোনার পদক। ভারতীয় নারী ক্রিকেটে নেতৃত্বের অধ্যায়টা হারমানপ্রীত কৌরের জন্য শেষ হলো সাফল্যের চূড়ায় থেকে। ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত সব সংস্করণেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিসিসিআইয়ের পর্যালোচনা সভার পরই এসেছে তার এই সিদ্ধান্ত। কয়েক দিন আগেই তার নেতৃত্বে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সোনা জিতেছে ভারত।
গুয়াহাটিতে বিসিসিআইয়ের পর্যালোচনা সভার পর ভারতীয় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী হারমানপ্রীত। ২০১৬ সালে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নেওয়ার পর প্রায় এক দশক দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২২ সালে তার হাতে ওঠে ওয়ানডে দলের নেতৃত্বও। পরের বছর, ২০২৩ সালে তিনি হন ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
হারমানপ্রীতের নেতৃত্বেই গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এরপর চলতি এশিয়ান গেমসেও তার নেতৃত্বে স্বর্ণপদক জেতে দলটি।
ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত। সেখানে লিখেছেন, ‘আজ সব সংস্করণে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’
সিদ্ধান্তটি সহজ ছিল না জানিয়ে হারমানপ্রীত আরও লিখেছেন, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা আমার বাকি জীবনজুড়ে আমার সঙ্গে থাকবে।’
তবে নেতৃত্ব ছাড়লেও ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে সরে যাচ্ছেন না তিনি। হারমানপ্রীতের ভাষায়, ‘এখন আমি আবারও শুধুই ক্রিকেটের ভালোবাসার জন্য খেলতে প্রস্তুত। অধিনায়কত্বের অধ্যায় শেষ। কিন্তু যাত্রা অব্যাহত থাকবে।’